Logo

বাবা-মা সৌদি আরবে, বিয়ের চার দিন পরই যুবকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
৬ জুন, ২০২৬, ১৭:৩৪
বাবা-মা সৌদি আরবে, বিয়ের চার দিন পরই যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র চার দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকায় নেওয়ার পথে প্রাণ হারান সাইমুন ইসলাম ওরফে সাগর (২৫)। একই ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু রিফাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে রাত প্রায় ৩টার দিকে পথেই তার মৃত্যু হয়।

নিহত সাগর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাথা আলার দোকান এলাকার বাসিন্দা। তিনি সৌদি আরবপ্রবাসী বেলাল হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সাগরের বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন জীবন শুরুর আনন্দে থাকা সাগর শুক্রবার রাতে বন্ধু রিফাতকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন।

চরএলাহী বাজার থেকে যাত্রা শুরু করার পর তারা জহিরের খামার এলাকার কাছে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সাগরের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

তবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আগেই তার মৃত্যু হয়। এদিকে আহত রিফাত বর্তমানে নোয়াখালীর মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা জানান, সাগরের বাবা ও মা দুজনই সৌদি আরবে কর্মরত। বিয়ের পর পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছিল। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনা সেই আনন্দকে শোকে পরিণত করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের মধ্যে গভীর বেদনা নেমে এসেছে। বিশেষ করে বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যে এমন মৃত্যুর ঘটনায় সবাই মর্মাহত।

স্থানীয় বাসিন্দারা জানান, সাগর এলাকায় পরিচিত ও ভদ্র স্বভাবের একজন তরুণ ছিলেন। তার অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। নতুন সংসার শুরু করার আগেই তার জীবনাবসান হওয়ায় আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

প্রতিবেশীদের অনেকেই বলেন, কয়েকদিন আগেও যেখানে বিয়ের আনন্দ ছিল, সেখানে এখন শুধুই শোক আর আহাজারি।

বিজ্ঞাপন

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে অবহিত করা হয়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD