Logo

চান্দিনায় ‘ডাকাত’ সন্দেহে ৫ জনকে গণপিটুনি

profile picture
উপজেলা প্রতিনিধি
চান্দিনা, কুমিল্লা
৬ জুন, ২০২৬, ১৭:২৬
চান্দিনায় ‘ডাকাত’ সন্দেহে ৫ জনকে গণপিটুনি
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।

বিজ্ঞাপন

এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাটি শনিবার (৬ জুন) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় ঘটে।

আটকরা হলেন— কুমিল্লার বাঙ্গরা থানার টনকি গ্রামের ফরচাঁন মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩৯), বাহাদুর (২৬), কাশিমপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে মনির হোসেন (২৬), থোল্লা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩০) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মোহন বেপারী (৩৮)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি পিকআপ ভ্যানে করে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল সন্দেহভাজন দলটি। পথে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় তাদের পিকআপ। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা পিকআপটি আটকানোর চেষ্টা করলেও তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে অটোরিকশার আরোহীরা মোবাইল ফোনে বিষয়টি কুটুম্বপুর এলাকার বাসিন্দাদের জানালে স্থানীয়রা কুটুম্বপুর শীলবাড়ি এলাকায় অলি কোম্পানির বাড়ির সামনের সড়কে ব্যারিকেড দেয়। সকাল সাড়ে ৭টার দিকে পিকআপটি সেখানে পৌঁছালে স্থানীয়রা সেটি আটকে ফেলে। এ সময় পাঁচজনকে আটক করা হলেও তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়রা আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং উত্তেজিত জনতা তাদের মারধর করে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

তবে ঘটনাটির পর নতুন একটি অভিযোগ সামনে এসেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন ভিড়ের মধ্যে থাকা কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নিয়ে যায়। এমনকি অপরাধে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলার তথ্যও মিলেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ডাকাতদের কাছ থেকে লুট হয়ে যাওয়া মালামাল ও পিকআপ ভ্যান উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের দাবি, পুরো ঘটনার তদন্ত চলছে এবং পলাতক সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD