জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ জুন) সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও জীবননগর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা আইসিটি অফিসার মাহমুদুল রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, জীবননগর পৌর জামায়াতের আমির ফিরোজ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, ডেঙ্গুমুক্ত জীবননগর গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কার্যক্রম এবং জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত রাখা হবে।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে উপজেলা প্রশাসন ও পৌরসভা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করবে।








