Logo

সমঝোতা বৈঠকের কয়েক ঘণ্টা পরই যুবককে ছুরিকাঘাতে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৯ জুন, ২০২৬, ১২:২৬
সমঝোতা বৈঠকের কয়েক ঘণ্টা পরই যুবককে ছুরিকাঘাতে হত্যা
ফাইল ছবি।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে লিয়াকত আলী লাদেন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত বাবা-ছেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাদেন বালাটারি এলাকার আশরাফুল হকের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েকদিন আগে অভিযুক্ত জুয়েলের ছোট ছেলের সঙ্গে লাদেনের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে সোমবার সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয় এবং উভয় পক্ষের মধ্যে আপাত সমাধানও হয়।

বিজ্ঞাপন

কিন্তু বৈঠক শেষ হওয়ার কিছু সময় পরই ঘটে মর্মান্তিক ঘটনা। অভিযোগ রয়েছে, রাত ৮টার দিকে সারপুকুর প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি দোকানের পাশে অবস্থানকালে লাদেনের ওপর অতর্কিত হামলা চালায় জুয়েল ও তার ছেলে রকি। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

নিহতের স্বজন জাহিদুল ইসলাম জাকির জানান, লাদেনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরুল হাসান লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের চাচা ফজলার রহমান ফরিদসহ স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD