Logo

জামালপুর সীমান্তে পুশইন চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
১০ জুন, ২০২৬, ১৭:৪৩
জামালপুর সীমান্তে পুশইন চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভারতের নন্দীরচর সীমান্ত ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। ওই ব্যক্তি দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ে বসবাস করতেন বলে জানা গেছে। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্য ও স্থানীয়রা বাধা দিলে ওই ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

বিজ্ঞাপন

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমঝোতা হয়নি। অভিযোগ রয়েছে, বিএসএফ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে ফিরিয়ে না নিয়ে শূন্যরেখায় রেখেই চলে যায়।

এদিকে বৈঠক ব্যর্থ হওয়ার পর সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা বারবার ওই ব্যক্তিকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করলেও বাধার মুখে তিনি ফিরে যান।

ঘটনাস্থলে উভয় বাহিনীর সদস্যদের মধ্যে কথোপকথনের সময় বিএসএফের এক সদস্য গুলির হুমকি দিয়েছেন বলেও অভিযোগ ওঠে। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক চলাকালে দুই বাহিনীর সদস্যদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করার কথা বললে বিজিবি সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানান। তারা বলেন, ‘আপনি কেন গুলি করার কথা বললেন? গুলি আপনার কাছে আছে, আমাদের কাছে নেই? আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো?’

সীমান্ত এলাকার এক বাসিন্দা বলেন, পুশইনের খবর পাওয়ার পর স্থানীয়রা বিজিবির সঙ্গে অবস্থান নিয়েছেন। তারা কোনোভাবেই অন্য দেশের নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করতে দেবেন না।

বিজ্ঞাপন

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে বিএসএফ একাধিকবার সীমান্ত দিয়ে লোকজনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে। বুধবারও এক ব্যক্তিকে শূন্যরেখায় নিয়ে আসা হয়। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সেখানে অবস্থান নিয়েছেন এবং বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তিকে ফিরিয়ে নেওয়া হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD