অবশেষে পুশইন হওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের ঘটনায় আলোচনায় আসা ৬০ বছর বয়সী সেই বৃদ্ধ বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করার পর বৃহস্পতিবার (১১ জুন) সকালে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম ষষ্ঠী বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই এলাকার বাসিন্দা এবং বাবু চন্দ্র বর্মনের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, ষষ্ঠী বর্মন গত দুই মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের লোকজন তার অবস্থান সম্পর্কে জানতে পারে। পরে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। তারপর পরিচয় যাচাই-বাছাই করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, ওই বৃদ্ধের পরিচয় পাওয়ার পর তাকে থানায় আনা হয়েছে। রাজশাহী থেকে তার পরিবারের লোকজনরা আসছে। এখন তিনি আমাদের হেফাজতে রয়েছেন। এ বিষয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, বুধবার (১০ জুন) সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হলে তাকে শূন্য রেখায় রেখে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
বিজ্ঞাপন
পরে ওই ব্যক্তি শূন্য রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাকে বাধা দেন। কিছু সময় পর তিনি আবারও শূন্য রেখায় ফিরে যান। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে সম্মত হয়নি।
এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল ৫টার দিকে কাঁটাতারের বেড়া ঘেঁষে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভারতীয় পক্ষের লোকজন সেখান থেকে সরে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।








