শিবচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, সেরাদের পুরস্কার প্রদান

মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিবচরে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ময়নাকাটা সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় এবং শিবচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
শিবচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. খালেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন সরকারি বরহামগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক বজলুর রহমান এবং উপজেলা সহকারী প্রোগ্রামার সজিব চৌধুরী।
চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল, বাংলাদেশের উন্নয়নে দুর্নীতি প্রধান বাধা”। বিষয়টির পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাচ্চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় ২৩৮ পয়েন্ট পেয়ে শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ২৩২ পয়েন্ট পেয়ে পাচ্চর উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
বিজ্ঞাপন
এদিকে ৮৭ দশমিক ৫ নম্বর পেয়ে পাচ্চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কার্জন কাউছার সেরা বক্তা নির্বাচিত হন।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক। বিচারকের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সরকারি বরহামগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক বজলুর রহমান, মাদবরের চর আর এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম এবং উপজেলা সহকারী প্রোগ্রামার সজিব চৌধুরী।
বিজ্ঞাপন
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।








