চুনারুঘাট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ভারত থেকে সম্ভাব্য অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
বিজিবি ৫৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার প্রায় ৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বর্তমানে ২৪ ঘণ্টা টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
গত কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় গভীর রাতে সতর্কতামূলক মাইকিং করছেন বিজিবি সদস্যরা। এছাড়া স্থানীয়দের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা এবং কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।
বিজ্ঞাপন
বিজিবি জানিয়েছে, দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের খবর পাওয়া গেলেও চুনারুঘাট সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। সীমান্ত সুরক্ষায় টহল কার্যক্রমের পাশাপাশি থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।
এছাড়া স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গুইবিল এলাকার বাসিন্দা করিম হোসেন বলেন, রাতে বিজিবির মাইকিংয়ের কারণে আমরা আরও সচেতন হয়েছি। তারা রাত-দিন সীমান্ত পাহারা দিচ্ছেন, এতে আমরা নিরাপদ বোধ করছি।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে (বর্ডার আউটপোস্ট) টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।








