Logo

গলাচিপায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
গলাচিপা, পটুয়াখালী
১১ জুন, ২০২৬, ১৭:৪৪
গলাচিপায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়ায় এক মিষ্টি ব্যবসায়ীকে মারধর, লাঞ্ছিত ও দোকানে তালা দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেছেন ভুক্তভোগী সুনীল দেবনাথ।

বিজ্ঞাপন

এদিকে ঘটনাটির তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক গণমাধ্যমকর্মীও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে বুধবার বিকেল ৪টার দিকে উলানিয়া বাজারে ‘ভাই ভাই মিষ্টির দোকানে’ এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এক নারীর কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়ার পর বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে দোকানে এসে সুনীল দেবনাথকে গালাগাল, মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে দোকানের মালামাল ভাঙচুর করে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় ওষুধ কিনতে স্থানীয় একটি ফার্মেসিতে গেলে আবারও তাকে ধরে নিয়ে মারধর করা হয়। পরে তাকে একটি ঘরে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার টাকা ও গলার চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়ভাবে বিষয়টির সমাধান না হওয়ায় গত ৭ জুন সুনীল দেবনাথ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ এনে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, পরে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর অনুরোধে রাত প্রায় ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর আহত অবস্থায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগের বিষয়টিও এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD