লোহাগাড়ায় পিকআপের বাম্পারে লুকানো ইয়াবা উদ্ধার, আটক ২

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ কৌশলে পিকআপ গাড়ির বাম্পারে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খাটরা এলাকার মো. মনির হোসেন (৩৯) এবং কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ কলাতলী এলাকার রিয়াদুল ইসলাম (৩০)।
বিজ্ঞাপন
লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহর নির্দেশনায় এসআই মাঈন উদ্দীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা চুনতি এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন।
এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি পিকআপ গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ঠ-১১-৪৬৬২) তল্লাশির জন্য থামানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
পরে তাদের দেখানো তথ্য অনুযায়ী পিকআপের পেছনের বাম্পারের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে টিস্যু ও টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধার করা ইয়াবার মধ্যে ৩ হাজার ৩০০ পিস হালকা গোলাপি এবং ৬ হাজার ৭০০ পিস লাল রঙের। যার মোট ওজন প্রায় ৯৫০ গ্রাম।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, আটকরা কক্সবাজার এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হবে।








