মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ মাহিদ দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) তিনি দলের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অব্যাহতিপত্র জমা দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জানান।
অব্যাহতিপত্রে জুবায়ের আহমদ মাহিদ উল্লেখ করেন, তিনি দীর্ঘ ছয় বছর ধরে দলের আদর্শ ও নীতি অনুসরণ করে একজন কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করেছেন। তবে বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, দলের সঙ্গে পথচলার সময়ে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
নিজের ফেসবুক পোস্টে জুবায়ের লেখেন, “জীবনের প্রতিটি অধ্যায়েরই শুরু আছে, শেষও আছে। একটি সুন্দর অধ্যায়ের সমাপ্তি টানতে হচ্ছে আজ।”
তিনি বলেন, দীর্ঘ ছয় বছরের রাজনৈতিক যাত্রায় দলের নেতাকর্মীদের কাছ থেকে তিনি ভালোবাসা, শিক্ষা ও অভিজ্ঞতা পেয়েছেন। দল ছাড়ার সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জুবায়ের জানান, পদ-পদবি পরিবর্তনশীল হলেও মানুষের জন্য কাজ করার ইচ্ছা পরিবর্তন হয় না। রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণে কাজ করা, আর সেই লক্ষ্য থেকে তিনি সরে যাবেন না।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদে না থাকলেও দল-মতের ঊর্ধ্বে উঠে মৌলভীবাজারের মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।
বিজ্ঞাপন
এদিকে গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা শাখার পরিচিত ও সক্রিয় এই নেতার আকস্মিক পদত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।








