দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নদীতে তীব্র বাতাস, বৃষ্টি ও ঢেউ বেড়ে যাওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে পদ্মা নদীতে ঢেউ বৃদ্ধি পেয়ে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, হঠাৎ নদীতে ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
বিজ্ঞাপন
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।








