Logo

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুইজন গুলিবিদ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১৪ জুন, ২০২৬, ১১:৪৯
ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুইজন গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীতে একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মণ্ডল (৫৫)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে। আর আলম মণ্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার পাশে থাকা মুসল্লি আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন।

গুলিতে লোকমান হাকিমের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে আলম মণ্ডলের মাথা, গলার বাম পাশে এবং ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD