চুনারুঘাটে হারিয়ে যাচ্ছে দেশি খেজুর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একসময় জনপ্রিয় দেশি খেজুর এখন অবহেলা আর অনাদরে বিলুপ্তির পথে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার রাস্তার পাশে, বাড়ির আঙিনায় এখনো দেখা যায় সারি সারি খেজুরগাছ। তবে ফল সংগ্রহের আগ্রহ কমে যাওয়ায় গাছেই পেকে নষ্ট হচ্ছে অনেক খেজুর।
বিজ্ঞাপন
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক দশক আগেও চুনারুঘাটে দেশি খেজুরের ব্যাপক কদর ছিল। বাজারে বিক্রি হতো এ ফল। কাঁচা খেজুর সংগ্রহ করে লবণ-পানিতে রেখে পাকিয়ে খাওয়ার প্রচলন ছিল গ্রামাঞ্চলে। কিন্তু সময়ের পরিবর্তন ও খাদ্যাভ্যাস বদলে যাওয়ায় নতুন প্রজন্মের কাছে এই ফলের গুরুত্ব কমে গেছে।
পৌরসভার বড়াইল গ্রামের শিক্ষক বাবুল শীল বলেন, ছোটবেলায় গাছ থেকে পেড়ে খেজুর খাওয়ার স্মৃতি এখনো মনে আছে। লবণ-পানিতে ভিজিয়ে খেজুর পাকানোর রেওয়াজ ছিল। বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে সেই আগ্রহ নেই।
বিজ্ঞাপন
চিকিৎসকদের মতে, দেশি খেজুর অবহেলিত হলেও এর পুষ্টিগুণ রয়েছে। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার চিকিৎসক সুরঞ্জন রায় জানান, দেশি খেজুরে বিভিন্ন ভিটামিন ও পুষ্টি উপাদান আছে। আঁটি বড় হলেও এটি শরীরের জন্য উপকারী।
পরিবেশবাদীরা বলছেন, দেশি খেজুরগাছ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এবং তেমন যত্ন ছাড়াই ফল দেয়। এই ঐতিহ্যবাহী গাছ ও ফল সংরক্ষণে প্রয়োজন জনসচেতনতা ও উদ্যোগ।








