গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তে কড়া নির্দেশ

গাজীপুরের বিভিন্ন এলাকায় গোপনে ‘টর্চার সেল’ পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
রবিবার (১৪ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ অভিযোগ উত্থাপন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, জেলার অন্তত তিন থেকে চারটি স্থানে টর্চার সেল গড়ে তোলার তথ্য পাওয়া যাচ্ছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের শনাক্ত করতে পুলিশ প্রশাসনকে দ্রুত তদন্তের আহ্বান জানান। এ ধরনের অপকর্মে কোনো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক দলের নেতাকর্মী জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, অপরাধীদের সঠিক তালিকা প্রস্তুত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তবে অপরাধ দমনের নামে কোনো নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেন। পাশাপাশি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদারের তাগিদ দেন তিনি।
সংসদ সদস্যের বক্তব্যের পর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে এ ধরনের অপসংস্কৃতির নজির থাকলেও বর্তমান সরকারের সময়ে এমন কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি পুলিশ বিভাগকে নির্দেশ দেন।
বিজ্ঞাপন
সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন জেলা প্রশাসক। একই সঙ্গে জেলায় আত্মহত্যার প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








