আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে মাজারুল ইসলাম সবুজ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার একটি নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা সবুজের সঙ্গে প্রায় ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়ার বিয়ে হয়। দম্পতির দুই সন্তান রয়েছে।
অভিযোগে বলা হয়, সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন এবং জুয়ার টাকার জন্য স্ত্রীর কাছে চাপ সৃষ্টি করতেন। সম্প্রতি তিনি নিজের ও মায়ের বেতনের প্রায় ৭০ হাজার টাকা জুয়ায় হারান।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর দাবি, গত ৯ জুন জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে তিনি স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং পরবর্তীতে এক লাখ টাকা আনার দাবি করেন। পরে স্ত্রী দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান।
শনিবার (১৩ জুন) সকালে ফোনে আবারও টাকা দাবি করা হলে স্ত্রী অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর করেন এবং গলা টিপে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।
স্থানীয়রা চিৎকার শুনে দরজা ভেঙে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেন। পরে আহত অবস্থায় তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে এলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান, মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








