Logo

টিকটকে পরিচয় থেকে প্রেম, একসঙ্গে জীবন কাটাতে চান দুই তরুণী

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৪ জুন, ২০২৬, ১৬:৪৪
টিকটকে পরিচয় থেকে প্রেম, একসঙ্গে জীবন কাটাতে চান দুই তরুণী
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্কের জেরে কিশোরগঞ্জের এক তরুণী টাঙ্গাইলের সখিপুরে এসে অবস্থান নেওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দুই তরুণী দাবি করছেন, দীর্ঘদিনের ঘনিষ্ঠতার পর তারা ভবিষ্যতে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে টিকটকের মাধ্যমে কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের দুই তরুণীর পরিচয় হয়। অনলাইনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। পরে তারা নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে দাবি করেন।

সম্প্রতি কিশোরগঞ্জের কাজলা এলাকার বাসিন্দা হাবিবা টাঙ্গাইলের সখিপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামে এসে অবস্থান নেন। তিনি বর্তমানে সেখানে পরিচিত তরুণী রিমার বাড়িতে রয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় কৌতূহল ও আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

রিমা জানান, তিনি বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনের কিছু বিষয় পুনর্বিবেচনা করছেন এবং ভবিষ্যতে হাবিবার সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করেন। একই ধরনের বক্তব্য দিয়েছেন হাবিবাও। তার ভাষ্য, তারা দুজন নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন এবং একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ তাদের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বোঝানোর চেষ্টা করেছেন বলে জানা গেছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। দুই তরুণীকে পরিস্থিতি বুঝিয়ে বলার চেষ্টা করা হলেও তারা নিজেদের অবস্থান থেকে সরে আসেননি।

বিজ্ঞাপন

২ নম্বর ওয়ার্ডের সদস্য মিনহাজ উদ্দিন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং দায়িত্বশীল ব্যক্তিরা তাদের সঙ্গে কথা বলেছেন। তবে তারা নিজেদের সিদ্ধান্তেই অনড় রয়েছেন।

এদিকে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন। তবে এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে বিষয়টি এখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কোনো অভিযোগ বা আইনগত জটিলতা দেখা না দিলে বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্তের পরিসরেই বিবেচিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD