কালুখালীতে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আসাদুল মন্ডল (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসাদুল মন্ডল কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের শাজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: চুনারুঘাটে হারিয়ে যাচ্ছে দেশি খেজুর
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড়ে কৃষক মোতালেব হোসেন, উজ্জ্বল হোসেন ও রব্বেল কাজ করতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তালহা জানান, রবিবার রাত ৮টার দিকে আসাদুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল।
বিজ্ঞাপন
মদাপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. ফিরোজ আহম্মেদ বলেন, আসাদুল জামায়াতের অগ্রসর কর্মী ছিলেন। রাতে নিখোঁজ হওয়ার পর সকালে তার মরদেহ পাওয়া যায়।
এএসপি (পাংশা সার্কেল) দেবব্রত সাহা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।








