Logo

প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজারে চলছে ব্যাপক প্রস্তুতি

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৬ জুন, ২০২৬, ১১:৩৫
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজারে চলছে ব্যাপক প্রস্তুতি
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে বুধবার (১৭ জুন) ‘ফ্যামিলি কার্ড’ পাইলট কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম মৌলভীবাজার সফর। এ উপলক্ষে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি, পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা যেমন বেড়েছে, তেমনি জেলা থেকে গ্রামাঞ্চল পর্যন্ত রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন স্থানে সভা, বৈঠক, আনন্দমিছিল ও প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

সফরকে সামনে রেখে জেলার পুরোনো কিছু দাবিও আবার আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রবাসী ও পর্যটনসমৃদ্ধ এলাকা বিবেচনায় শমসেরনগর বিমানবন্দর চালু করা, হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে শ্রীমঙ্গল ও রাজনগরে প্রধানমন্ত্রীর সমাবেশ আয়োজনের পরিকল্পনা ছিল। প্রস্তুতিও শুরু হয়েছিল। তবে জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনগরের নির্ধারিত সমাবেশ পরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়। এতে রাজনগরের অনেক বাসিন্দা হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, প্রধানমন্ত্রী রাজনগরে গেলে পৌরসভা ঘোষণা, উপজেলা সদরে গ্যাস সংযোগ এবং স্থানীয় বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়গুলো গুরুত্ব পেতে পারত। এছাড়া রাজনগরের মাওলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিও রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, তিনি ১৭ জুন শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

সফর উপলক্ষে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশ পরিষ্কার করা হচ্ছে। সার্কিট হাউস ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন করা হয়েছে। জেলা ও উপজেলা শহরের ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে। সমাবেশস্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ ও সংস্কারকাজ শেষ পর্যায়ে রয়েছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সূত্র: জেলা প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD