Logo

আগামীকাল মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৬ জুন, ২০২৬, ১২:১৯
আগামীকাল মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১৭ জুন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে জেলা শহরসহ শ্রীমঙ্গল এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে আয়োজিত দুটি অনুষ্ঠানে অংশ নেবেন। এ উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভাস্থল প্রস্তুতের কাজ চলছে। প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা সফর সফল করতে দিনরাত কাজ করছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ জন্য উপকারভোগীদের তালিকা একাধিক ধাপে যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। পাশাপাশি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণকাজ পরিদর্শন করেন সংশ্লিষ্টরা।

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে মৌলভীবাজার এখনও পিছিয়ে রয়েছে। জেলার উন্নয়নে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও পূর্ণাঙ্গ টেকনিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আশা রয়েছে।

বিজ্ঞাপন

এম নাসের রহমান বলেন, প্রধানমন্ত্রীর এই সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং জেলার উন্নয়ন পরিকল্পনা ও দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের একটি বড় সুযোগ।

এদিকে মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD