Logo

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা উন্মাদনা, ২ হাজার ফুট পতাকায় মুখরিত শহর

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৬ জুন, ২০২৬, ১৯:১৪
চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা উন্মাদনা, ২ হাজার ফুট পতাকায় মুখরিত শহর
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর আর্জেন্টিনার প্রতি ভালোবাসায় বর্ণিল-বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ চার বছর পর আবারও হাজারো সমর্থকের অংশগ্রহণে এই আয়োজন ঘিরে জেলার আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহীদ হাসান চত্বর ঘুরে কোর্টমোড় হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেলের পাশাপাশি পায়ে হেঁটে ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বহন করেন সমর্থকরা। এছাড়াও ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ আর্জেন্টিনা ভক্তদের নানা সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

প্রিয় দল ও তারকা ফুটবলারদের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ফুটবলকে ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান সমর্থকরা। তারা বলেন, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল নীল-সাদার আর্জেন্টিনা। এবারও এই দলের হাতেই উঠবে চ্যাম্পিয়ন ট্রফি। চুয়াডাঙ্গার ভক্তরাও আর্জেন্টিনার কাছে আকাশ সমান প্রত্যাশা রাখে।

বিজ্ঞাপন

ব্রাজিল ভক্তদের উদ্দেশ্যে আর্জেন্টিনা ভক্তরা বলেন, ব্রাজিলের হাতে রয়েছে সেভেন আপ আর আর্জেন্টিনার হাতে আছে চ্যাম্পিয়ন ট্রফি।

আর্জেন্টিনা সমর্থকদের এ ব্যতিক্রমী আয়োজন দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল। ফুটবল উন্মাদনায় মুখরিত চুয়াডাঙ্গা এদিন পরিণত হয়েছিল এক টুকরো ‘আর্জেন্টিনায়’।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD