Logo

জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২২ জুন, ২০২৬, ১৪:০৫
জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ
ছবি: প্রতিনিধি

দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তুলতে চুয়াডাঙ্গার জীবননগরে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জীবননগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ।

অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ”। এ বিষয়কে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুর্নীতির কুফল, নৈতিক মূল্যবোধ এবং সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবু।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন। বিচারকের দায়িত্বে ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম তারেক, উথলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মোমিন উদ্দীন এবং শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মঈন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন ও সুশাসনের প্রধান বাধা। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD