কক্সবাজারে চাকরি মেলায় ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত

কক্সবাজারে অনুষ্ঠিত চাকরি মেলায় প্রাথমিকভাবে ১৩২ জন তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংস্থা বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের উদ্যোগে রেইজ প্রকল্পের আওতায় এ চাকরি মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) শহরের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় ‘ক্ষুদ্র উদ্যোগে মানব সক্ষমতা বৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রাখা হয়। এতে ৩৪২ জন চাকরিপ্রার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ১৩২ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে ৭৩ জন পুরুষ ও ৫৯ জন নারী।
মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং সেবা প্রদান করে বিডিজবস ডটকমের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রুহি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী এবং কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা ইসলাম।
চাকরি মেলায় ওয়ালটন, বিডিজবস ডটকম, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, প্রাণ-আরএফএল, হ্যামকোসহ হস্তশিল্প খাতের মোট ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহার উদ্দিন বলেন, রেইজ প্রকল্পের মতো কর্মসংস্থানমুখী উদ্যোগ যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর খাতে শিক্ষানবিশি কর্মসূচি তরুণদের জাতীয় অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে সহায়তা করছে।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি গোলাম জিলানী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরিতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সভাপতির বক্তব্যে রুহি দাস বলেন, প্রশিক্ষিত যুবকদের উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করতে বাস্তব সংস্থা কাজ করে যাচ্ছে। চাকরি মেলার মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি হচ্ছে, যা বেকারত্ব কমাতে সহায়ক হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পিকেএসএফের রেইজ প্রকল্পের কর্মকর্তা, বাস্তব সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রেইজ প্রকল্পের আওতায় গুরু-শিষ্য মডেলের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৭৩ হাজার বেকার যুবক-যুবতীকে ট্রেডভিত্তিক কারিগরি ও জীবনদক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রকল্পের অংশ হিসেবে দেশব্যাপী পিকেএসএফের ৯০টি সহযোগী সংস্থা একই ধরনের চাকরি মেলার আয়োজন করবে।








