শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট, জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জিরাবাহী গাড়ির চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) বহিষ্কৃত নেতা জাহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল শহরে অভিযান চালিয়ে এসআই বাবলু পালের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার জাহেদ আলী শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে। তিনি এর আগে শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন।
জানা যায়, সিলেটের ব্যবসায়ী আফজালুর রহমানের ১৬০ বস্তা (৪ হাজার ৮০০ কেজি) জিরা বহনকারী একটি কার্ভাডভ্যান শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছালে জাহেদ আলীসহ কয়েকজন দুর্বৃত্ত চালক ও হেলপারকে প্রাণনাশের হুমকি দিয়ে জিরা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গাড়িটি নিয়ে হবিগঞ্জ সড়কের দিকে চলে যায়।
বিজ্ঞাপন
মামলার এজাহারে ব্যবসায়ী আফজালুর রহমান উল্লেখ করেন, লুট হওয়া জিরার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া গাড়ির চালকের কাছে থাকা ২০ হাজার টাকা এবং চালক ও হেলপারের দুটি মোবাইল ফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে শনিবার শ্রীমঙ্গল থানায় জাহেদ আলীসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যবসায়ী আফজালুর রহমান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ব্যবসায়ীর অভিযোগের পর অভিযান চালিয়ে জাহেদ আলীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু
পুলিশ জানায়, গ্রেফতারের পর রোববার বিকেলে জাহেদ আলীকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে চাঁদাবাজির অভিযোগে ২০২৫ সালের জুলাই মাসে জাসাস শ্রীমঙ্গল পৌর শাখার সদস্যসচিব পদ থেকে জাহেদ আলীকে অব্যাহতি দেয় মৌলভীবাজার জেলা জাসাস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছিল, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে পদ থেকে সরানো হয়।








