Logo

ভেড়ামারায় মহাসড়কে শ্যামলী পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
ভেড়ামারা, কুষ্টিয়া
২৩ জুন, ২০২৬, ১৫:০০
ভেড়ামারায় মহাসড়কে শ্যামলী পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পাটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টার দিকে বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সুরুজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে লালন শাহ সেতুগামী পাটের বস্তাবোঝাই একটি ট্রাক দশমাইল এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকার টায়ার ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের ওই অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনাও ঘটে থাকে। তবে দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে এবং বিষয়টি হাইওয়ে পুলিশকে অবহিত করে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দশমাইল এলাকায় শ্যামলী পরিবহন ও একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD