Logo

লোহাগাড়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
২৩ জুন, ২০২৬, ১২:৩৭
লোহাগাড়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ির সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরব শাহ ঘোণাপাড়া এলাকার মাওলানা আরিফুল রহমানের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস এবং চট্টগ্রামগামী পুরবী পরিবহনের আরেকটি বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জান্নাতের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। এ ঘটনায় এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD