সাড়ে ১২টাতেও তালাবদ্ধ ভূমি অফিস, অপেক্ষায় সেবাগ্রহীতারা

সকাল ৯টায় অফিস খোলার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুরের হাইমচরের ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছিল তালা। ভূমিসেবা নিতে আসা সেবাগ্রহীতারা দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা পাননি।
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এমন অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অসুস্থতার কথা জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি কর্মঘণ্টায় দায়িত্বপ্রাপ্তদের অনুপস্থিতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরেজমিনে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে এমন চিত্র দেখা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভূমিসংক্রান্ত জরুরি কাজ, খাজনা পরিশোধ, নামজারি ও মিসকেসের কাজে সকাল ৯টা থেকেই বিভিন্ন সেবাগ্রহীতা অফিসে আসতে শুরু করেন। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও অফিসের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। এ সময় কোনো কর্মকর্তা-কর্মচারীকেও সেখানে পাওয়া যায়নি।
সেবাগ্রহীতা যুবায়ের ও রফিক মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, তারা সকাল ৯টায় অফিসে এসে অপেক্ষা করছেন। কিন্তু দুপুর পর্যন্ত অফিস খোলেনি। জরুরি প্রয়োজনে এসে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘বিপদে আছি, তাই অফিসে যেতে পারিনি। আর নিজেও অসুস্থ। প্রতিদিন ঠিক সময়ে অফিস খোলা হয়। তবে বাকি দুই স্টাফ নিয়মিত না আসায় মাঝে মাঝে বিলম্ব হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার এই কারণে শোকজ করেছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, সকাল ৯টার মধ্যে অফিস খোলার নিয়ম। সরকারি নির্ধারিত অফিস সময়ে কেউ অনুপস্থিত থাকলে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী সেবাগ্রহীতা ও স্থানীয় সচেতন মহল দ্রুত ইউনিয়ন ভূমি অফিসের দাপ্তরিক শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।








