গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। আন্দোলনে পাশের পিএন নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের যুক্ত করার চেষ্টা করা হলে সেখানে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব এলাকায় হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা সড়কে অবস্থান নেন। গত দুই মাসের বেতন পরিশোধ না হওয়ায় তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার আঞ্চলিক সড়কে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেন।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বেতন বকেয়া থাকায় সকাল থেকেই শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান নেন। পরে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন। আগের দিনও একই দাবিতে কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা পাশের পিএন নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ওই কারখানার সামনে যান। সেখানে বিক্ষোভ শুরু হলে শিল্প পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়।
পরে পুলিশ শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকদের বেতন বকেয়া থাকার বিষয়টি আগের দিনও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কারখানাটিতে মোট ১ হাজার ২৯৩ জন শ্রমিক রয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘কোনাবাড়ীতে একটি কারখানার পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে পার্শ্ববর্তী আরেকটি কারখানায় হামলা করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশের পাশাপাশি জিএমপি পুলিশ অবস্থান করছে।’








