Logo

ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৮
ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ
ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রশিবিরের তিনজন এবং ছাত্রদলের দুজন রয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর কলেজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর শিবিরের নেতাকর্মীদের নগরীর রাজপাড়া থানার মোড়ে এবং ছাত্রদলের নেতাকর্মীদের পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে অবস্থান করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছিল। মঙ্গলবার সকালে সেখানে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিবিরের রাজশাহী শাহ মখদুম থানা সভাপতি তানভীর মাহতাবের দাবি, ভর্তি কার্যক্রমে সহযোগিতার জন্য তারা তিন দিন ধরে কলেজে হেল্পডেস্ক পরিচালনা করছিলেন। মঙ্গলবার সকালে হেল্পডেস্কের ব্যানার টাঙানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা সেটি ছিঁড়ে ফেলেন।

তার ভাষ্য অনুযায়ী, এর প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা হলে শিবিরের তিনজন আহত হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, পদ্মা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকের দাবি, শিবিরের নেতাকর্মীরা ঝামেলা সৃষ্টির চেষ্টা করলে তারা তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার অভিযোগ, সকাল সাড়ে ১০টার দিকে শিবিরের ৩০-৪০ জন নেতাকর্মী কলেজে ঢুকে ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হলে দুজন আহত হন।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব লিমন বলেন, কোনো ক্যাম্পাসে এ ধরনের ঘটনা হতে দেওয়া হবে না। তার দাবি, শিবিরের নেতাকর্মীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। ভবিষ্যতে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে প্রতিরোধের কথাও বলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ইমরান নাজিরের দাবি, শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতার জন্য গত দুই দিন ধরে কলেজে তাদের হেল্পডেস্ক চলছিল। তার অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে হেল্পডেস্কে হামলা করে ব্যানার ছিঁড়ে ও আগুন দিয়ে পুড়িয়ে দেন। এতে শিবিরের তিনজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি শিক্ষার্থীদের সহযোগিতার স্বার্থে ক্যাম্পাসে সব পক্ষকে সমানভাবে কাজের সুযোগ দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

সংঘর্ষের পর আহতদের দেখতে উভয় পক্ষের নেতাকর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের আহতদের এবং শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের আহতদের দেখতে হাসপাতালে যান।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকালে শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে কাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD