রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রংপুর নগরীতে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কোচিং সেন্টারের সামনে রাখা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যাওয়ার আগেই আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাসটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের আবাসিক শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে অগ্নিসংযোগের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় আতঙ্কিত।
বিজ্ঞাপন
ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, গত ২২ বছর ধরে তিনি রংপুর শহরে শিক্ষকতা করছেন। কারও ক্ষতি না করে মানুষের সেবা করেই দীর্ঘ সময় কাটিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে বাসটি কেনা হয়েছিল। ২৮ আসনের এই বাসে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের নিয়ম অনুযায়ী বাসটি কোচিং সেন্টারের সামনে রাখা হয়েছিল। পরে গভীর রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। বাসটি পুড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিনের পরিশ্রম ও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নও এ ঘটনায় বড় ধরনের ধাক্কা খেয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাসটি পর্যটন মোড়সংলগ্ন ফুরফুরা খানকা শরিফের সামনে দাঁড়িয়ে ছিল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য এলাকায় ঘটে যাওয়া ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।








