Logo

ফুলতলায় আগ্নেয়াস্ত্রসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

profile picture
উপজেলা প্রতিনিধি
ফুলতলা, খুলনা
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০২
ফুলতলায় আগ্নেয়াস্ত্রসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি প্রতিনিধি।

যশোরের অভয়নগরে হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার ফুলতলার দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে মাটিচাপা অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানের পশ্চিম কোণ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভয়নগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার রমজান (২২) দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামানের নির্দেশনায় এসআই মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণডিহি গ্রামের ওই বাঁশবাগানে অভিযান চালায়।

অভিযানে মাটিতে পুঁতে রাখা একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটার গান এবং সাত রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি সচল। এর দৈর্ঘ্য সাত ইঞ্চি এবং দেশীয় ওয়ান শুটার গানটির দৈর্ঘ্য নয় ইঞ্চি। অস্ত্রটিতে ফায়ারিং পিন ও ট্রিগার রয়েছে। উদ্ধার করা গুলির প্রতিটির পেছনে ইংরেজিতে ‘KF 7.65’ লেখা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে মো. বাহারুল মল্লিক ওরফে বাহালুল (৪৩)-এর মরদেহ উদ্ধার করা হয়। তার থুতনি ও বাম হাঁটুর ওপর গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। ৭ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির নম্বর ১০। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই মামলায় গ্রেপ্তার রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতেই দক্ষিণডিহি গ্রামের বাঁশবাগান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও গ্রেপ্তার রমজান বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD