Logo

খেলতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৩
খেলতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে মো. ইসমাইল (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. রোকন (১৮) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল ওই ওয়ার্ডের বাসিন্দা আকবর ও রুমা দম্পতির ছেলে। অন্যদিকে পুলিশ হেফাজতে নেওয়া রোকন একই ওয়ার্ডের বাসিন্দা মো. নান্নুর ছেলে বলে জানা গেছে।

পুলিশ, শিশুটির স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় ইসমাইল। এরপর পরিবারের সদস্যরা বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুই দিন ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে খালের ভেতরে একটি ভাসমান বস্তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তার ভেতর থেকে নিখোঁজ ইসমাইলের মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, উদ্ধার হওয়া শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির স্বজনরা মামলা করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD