Logo

তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১০
তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জাকিরুল হক নিজেই।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকিরুল হককে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন জাকিরুল হক। সেখানে তিনি লেখেন, “যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।”

পোস্টে তিনি আরও লেখেন, “দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে। আমি সবসময় দেশের মানুষের পক্ষে আছি।”

এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত নেতা জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। এরপরই দল আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দলের সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিয়েছি।

বিজ্ঞাপন

জাকিরুল হকের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রামে। তিনি ওই এলাকার সামিউল হকের ছেলে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD