দুই বছর পর প্রযোজক সেলিম খান ও তার ছেলের মরদেহ উত্তোলনের নির্দেশ

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মরদেহ দুটি উত্তোলনের পর ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ। তিনি জানান, মরদেহ উত্তোলনের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর মরদেহ উত্তোলনের সময় নির্ধারণ করা হবে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এবং সংশ্লিষ্ট মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবে ময়নাতদন্ত করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রথমে কবর থেকে মরদেহ দুটি উত্তোলন করে সুরতহাল করা হবে, এরপর ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন এলাকা ছাড়ার সময় সেলিম খান ও শান্ত খান জনতার মুখোমুখি হন। চাঁদপুরের বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকা থেকে বেরিয়ে যাওয়ার পর তারা বাগড়া বাজারে আবারও জনতার বাধার মুখে পড়েন। সেখানে গণপিটুনিতে বাবা-ছেলে নিহত হন বলে পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সে সময় পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছিল। পরবর্তী সময়ে এ ঘটনায় সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই আদালত এখন মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।
সেলিম খান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।








