Logo

তেলের দাম বাড়তেই ট্রাকভাড়া বেড়েছে কয়েক হাজার টাকা

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৯
তেলের দাম বাড়তেই ট্রাকভাড়া বেড়েছে কয়েক হাজার টাকা
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ার পর দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে পণ্য পরিবহনের খরচ বেড়ে গেছে। গন্তব্যভেদে ট্রাকভাড়া ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বাড়ায় আমদানি-রপ্তানি ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটমুখী পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধির প্রভাব বেশি পড়েছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম বাড়ার পাশাপাশি টায়ার, ট্রাকের যন্ত্রাংশ, ফেরি ভাড়া ও টোলের খরচও বেড়েছে। ফলে আগের চুক্তিমূল্যে পণ্য পরিবহন করতে গিয়ে অনেক সিএন্ডএফ এজেন্ট ও পরিবহন ব্যবসায়ী লোকসানের মুখে পড়ছেন। একই সঙ্গে ট্রাকের সংকট তৈরি হওয়ায় বন্দরের পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমেও ধীরগতি দেখা দিয়েছে।

বেনাপোল থেকে ঢাকায় আগে একটি ট্রাকের ভাড়া ছিল প্রায় ২০ থেকে ২১ হাজার টাকা। সোমবার সকাল থেকে সেই ভাড়া বেড়ে ২৫ থেকে ২৬ হাজার টাকা হয়েছে। চট্টগ্রাম রুটে আগে ২৭ থেকে ২৮ হাজার টাকা লাগলেও এখন তা ৩৫ থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত উঠেছে। গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জে আগে প্রায় ২২ হাজার টাকা ভাড়া নেওয়া হলেও বর্তমানে ২৬ থেকে ২৭ হাজার টাকা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবহন ব্যয় বাড়ায় আমদানি করা পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, উৎপাদন ও সরবরাহ ব্যয় বাড়লে শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে বাজার ও ভোক্তার ওপর।

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা জানান, বন্দরের দুটি ইউনিয়নের প্রায় ৫ হাজার শ্রমিক প্রতিদিন পণ্য ওঠানামার কাজে যুক্ত। ট্রাক সংকট ও বাড়তি ভাড়ার কারণে অনেক আমদানিকারক সময়মতো পণ্য খালাস করতে পারছেন না। যেখানে প্রতিদিন ৪০০ থেকে ৬০০ ট্রাক পণ্য লোড-আনলোড হতো, বর্তমানে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে তাদের দাবি। পরিস্থিতি দীর্ঘ হলে শ্রমিকদের কর্মসংস্থানেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বেনাপোল থেকে ঢাকায় পণ্য নিয়ে যাওয়া ট্রাকচালক নাজমুল ইসলাম বলেন, প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ায় বেনাপোল-ঢাকা-বেনাপোল যাতায়াতে প্রায় ১৫০ লিটার তেলের জন্য অতিরিক্ত খরচ হচ্ছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা। ঢাকায় ফেরার পথে পর্যাপ্ত পণ্য না পাওয়ায় প্রতি ট্রিপে আরও ৪ থেকে ৫ হাজার টাকা বাড়তি ভাড়া নিতে হচ্ছে বলে জানান তিনি।

আরেক চালক সাদ্দাম হোসেন জানান, তিনি ট্রাকে কেমিকেল নিয়ে ভালুকা যাচ্ছেন। আগের তুলনায় তার ভাড়া ৪ হাজার টাকা বেশি পড়ছে। তার ভাষ্য, তেলের সংকটের সময় এক দফা ভাড়া বেড়েছিল, এবার জ্বালানি তেলের দাম বাড়ায় আবারও ভাড়া বেড়েছে।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, বন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনের ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তেলের দাম, ফেরি ভাড়া ও টোল বৃদ্ধির পাশাপাশি ঢাকা থেকে ফেরার সময় পর্যাপ্ত পণ্য না পাওয়ায় ট্রাক মালিকদের খরচ আরও বাড়ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রতিদিন বেনাপোল থেকে দুই শতাধিক কাভার্ডভ্যানসহ প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন এলাকায় যায়। তবে ট্রাকের সংকট ও ভাড়া বৃদ্ধির কারণে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মতিয়ার রহমান বলেন, প্রতিদিন বন্দর দিয়ে প্রায় সাড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি এবং ১০০ থেকে ১৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ট্রাক মালিকরা ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার মতে, পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সমস্যায় পড়ছেন। বাড়তি পরিবহন খরচ শেষ পর্যন্ত পণ্যের দাম বৃদ্ধির কারণ হতে পারে।

বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন সংকটে ট্রাকভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়েছে। পণ্য আমদানি করে লাভের আশা থাকলেও অতিরিক্ত পরিবহন ব্যয়ের কারণে অনেক ব্যবসায়ী লোকসানে পড়তে পারেন। বিশেষ করে কাঁচা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় কেউ কেউ বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে পণ্য খালাস করছেন।

বিজ্ঞাপন

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপুও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তার মতে, ট্রাকভাড়া বাড়লে বিভিন্ন পণ্যের দামও বাড়বে, যার চাপ শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD