Logo

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৬ জুন, ২০২৬, ১৬:২৭
নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন
ছবি: প্রতিনিধি

জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি, মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার ময়মনসিংহ নেটওয়ার্ক।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং নির্যাতনের শিকার ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচি সঞ্চালনা করেন অধিকারের ময়মনসিংহের সমন্বয়কারী ও সাংবাদিক আব্দুল কাইয়ুম।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এটিএম মাহবুবুল হক এবং হিউম্যান ডিফেন্ডার্স সোসাইটির জেলা সভাপতি মাজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল বারী, দৈনিক নয়াদিগন্তের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল আউয়াল, দৈনিক আমার দেশের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তরফদার, সাংবাদিক আলী আশরাফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, দেশে নির্যাতন মানবাধিকারের বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। তারা দাবি করেন, বিভিন্ন সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে এবং এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তারা আরও বলেন, নির্যাতনবিরোধী আন্তর্জাতিক সনদ অনুমোদনের পাশাপাশি বাস্তবে নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দায়মুক্তির সংস্কৃতি বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন।

বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করেন, থানা, ডিটেনশন সেন্টার, কারাগারসহ বিভিন্ন স্থানে মানুষ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। এসব ঘটনা বন্ধে মানবাধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে মানবাধিকার সংগঠন অধিকার দেশের জনগণকে নির্যাতনবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD