Logo

শ্রীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৭ জুন, ২০২৬, ১৩:২১
শ্রীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার নারী শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। বিক্ষোভ চলাকালে সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম বলেন, সকালে তেলিহাটি এলাকায় কালার কো লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করেন। এক পর্যায়ে তারা নিহত শ্রমিকের মৃত্যুর বিচারের দাবি জানিয়ে আন্দোলন করতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তি সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শ্রমিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার এই এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। বেশ কিছু কারখানায় এই সূত্র ধরে ভাঙচুর চালানো হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, শনিবারও শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রাখেন। তারা সড়ক অবরোধের পাশাপাশি কারখানায় ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, যে কারখানায় শ্রমিকের মৃত্যু হয়েছে, তা তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বুধবার (২৪ জুন) দিবাগত রাতে শ্রীপুরের তেলিহাটি এলাকার কালার কো লিমিটেড কারখানায় অসুস্থ অবস্থায় এক নারী শ্রমিককে ছুটি না দিয়ে কাজ করানো হয় এবং পরে তার মৃত্যু হয়—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা আশপাশের কয়েকটি কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD