মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ বিরোধের জেরে দলের এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে ওই নেতা শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে আইনগত সহায়তা চেয়েছেন।
বিজ্ঞাপন
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টার দিকে এনসিপির মৌলভীবাজার জেলা শাখার মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন থানায় এসে অভিযোগ করেন।
অভিযোগে তিনি জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদের নেতৃত্বে কয়েকজন তাকে গলায় ছুরি ধরে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় তাকে এহসান জাকারিয়ার সঙ্গে বিরোধে জড়ালে মেরে ফেলে গুম করার হুমকি দেওয়া হয়। পরে রাত আনুমানিক ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
আব্দুল্লাহ আল হুসাইন জানান, কুলাউড়ায় কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট বিরোধ ও মতবিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ২৬ জুন সকালে মৌলভীবাজার প্রেসক্লাব এলাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহর কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জেলা এনসিপির সদস্য সচিব রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং ছাত্রশক্তি, যুবশক্তিসহ দলের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে কর্মসূচির দাওয়াত, ব্যবস্থাপনা ও কেন্দ্রীয় নেতাদের গাড়িতে অবস্থান নিয়ে বাকবিতণ্ডা হয়।
কুলাউড়ার কর্মসূচি চলাকালীন সময়েও দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় বলে জানা গেছে। পরে কর্মসূচি শেষে মৌলভীবাজার শহরের শমশেরনগর রোড এলাকায় এহসান জাকারিয়ার সঙ্গে আবারও বাকবিতণ্ডা হয়।
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের কোদালিপুর এলাকার জাম্বু মিয়ার গ্যারেজের পেছন থেকে আব্দুল্লাহ আল হুসাইনকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় নামিয়ে দেওয়া হয়।
প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ঘটনায় দলের নিজস্ব নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।








