বালিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বারুকগ্রাম আবাসন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাচ্চু মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিকসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
কর্মসূচির আওতায় উপজেলার ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ২ হাজার ৬৫০টি আম ও সুপারি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি চারাগাছ রোপণের জন্য ২ হাজার ৬৫০টি বাঁশের খুঁটি এবং প্রতি ৫টি চারার জন্য ৪০ কেজি করে ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়েছে।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।








