মুরগির খামারের বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ, কাপাসিয়ায় কৃষকদের মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় একটি পোল্ট্রি খামারের বর্জ্যের কারণে কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে—এমন অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে কামারগাঁও এলাকায় আয়োজিত এ মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, এলাকার পোল্ট্রি খামারি ইকবাল হোসেন দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মুরগির খামার পরিচালনা করছেন। খামারে প্রায় ১০ হাজার ডিম উৎপাদনকারী মুরগি রয়েছে। তাদের অভিযোগ, খামারের মুরগির বিষ্ঠা ও বর্জ্য পার্শ্ববর্তী ছাবর আলীর বিলে ফেলে দেওয়ার কারণে আশপাশের কৃষিজমির ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞাপন
কৃষক মীর বাদল বলেন, একসময় আমাদের এলাকার জমি খুব উর্বর ছিল। ধানসহ বিভিন্ন ফসলের ভালো ফলন হতো। কিন্তু কয়েক বছর ধরে পোল্ট্রি বর্জ্যের কারণে জমির উর্বরতা কমে গেছে। এখন আগের মতো ফলন পাওয়া যাচ্ছে না।
কৃষক রিটন মিয়া বলেন, ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।
কৃষকরা আরও অভিযোগ করেন, বর্জ্যের কারণে বিলের পানি ও জমি দূষিত হয়ে পড়েছে। এতে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তারা প্রতিবছর আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
বিজ্ঞাপন
বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীর বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কাশেম মীর বলেন, কৃষকদের অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিজ্ঞাপন
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে পোল্ট্রি খামারের মালিক ইকবাল হোসেন বলেন, আমার খামারটি দীর্ঘদিন ধরে পরিবেশগত নিয়ম মেনেই পরিচালনা করা হচ্ছে। কৃষকদের অভিযোগের বিষয়টি শুনেছি। যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।








