Logo

পীরগাছা বাজারে বর্জ্যের পাহাড়, দুর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতারা

profile picture
উপজেলা প্রতিনিধি
পীরগাছা, রংপুর
৩০ জুন, ২০২৬, ১৪:০৯
পীরগাছা বাজারে বর্জ্যের পাহাড়, দুর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতারা
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলা প্রধান বাজারের পরিবেশ এখন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। নির্দিষ্ট ডাস্টবিন ও বর্জ্য অপসারণের ব্যবস্থা না থাকায় মাছ বাজার, কাঁচাবাজার ও গরুর মাংস বিক্রির স্থানগুলোর পাশেই প্রতিনিয়ত জমছে ময়লা-আবর্জনা। দীর্ঘদিন ধরে বর্জ্য অপসারণ না হওয়ায় বাজারের কয়েকটি স্থানে তৈরি হয়েছে বড় বড় ময়লার স্তূপ।

বিজ্ঞাপন

এসব বর্জ্য থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাজারের ব্যবসায়ী ও প্রতিদিন আসা হাজারো ক্রেতা। এতে তৈরি হয়েছে স্বাস্থ্যঝুঁকিও।

সরেজমিনে দেখা যায়, পচে যাওয়া শাকসবজি, মাছ-মাংসের উচ্ছিষ্ট ও অন্যান্য বর্জ্য খোলা জায়গায় পড়ে রয়েছে। রোদ ও গরমে এসব পচে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ। বাজারে আসা ক্রেতারা জানান, নাক-মুখ চেপে ধরে বাজারে প্রবেশ করতে হয়। অনেকেই দুর্গন্ধের কারণে দ্রুত বাজার ছেড়ে চলে যান।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মাছ, মাংস ও কাঁচাবাজারের ব্যবসায়ীরা। প্রতিদিন তাদের এই দুর্গন্ধযুক্ত পরিবেশের মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার কমিটি নিয়মিত খাজনা ও টোল আদায় করলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

ব্যবসায়ীরা বলেন, পরিচ্ছন্নতার ন্যূনতম ব্যবস্থা না করে শুধু খাজনা আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত ডাস্টবিন স্থাপন ও নিয়মিত বর্জ্য অপসারণের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এদিকে বর্ষা মৌসুম সামনে থাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভারী বৃষ্টিতে জমে থাকা বর্জ্য ছড়িয়ে পড়ে বাজারের পরিবেশ দূষিত হতে পারে। এতে ডায়রিয়া, জন্ডিস, চর্মরোগ ও ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, পীরগাছা বাজারের এই সংকটের বিষয়টি আমাদের নজরে এসেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে দ্রুত ময়লার স্তূপ অপসারণের নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রশাসনের এ আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত বর্জ্য অপসারণ করে পীরগাছা বাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD