মৌলভীবাজারে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের সবার বাড়ি রাজনগর উপজেলার বড়দল গ্রামে।
আরও পড়ুন: বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে তরুণীর অনশন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে একটি প্রাইভেটকার তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীর স্ত্রী কনিজা বেগম ও তার ছেলে জুবের আলীকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় আহত ইদ্রিস আলী, তার মেয়ে জোসনা বেগম ও জামাতা হাকিম উদ্দিনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সিএনজি অটোরিকশার চালক তফাজ্জুল মিয়াকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের স্বজন নাইমুজ্জামান রাফি বলেন, দুর্ঘটনায় আমার চাচী ও চাচাতো ভাইকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আহত চারজনকে নিয়ে আমরা হাসপাতালে আছি।
বিজ্ঞাপন
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।








