কটিয়াদী পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়ন তহবিল মিলিয়ে ২৪ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্নতা এবং স্মার্ট পৌরসভা গড়ে তোলার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বাজেট অনুযায়ী, মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৭ হাজার ৮৭৫ টাকা ৩৬ পয়সা।
রাজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৩৯৮ টাকা ৬৫ পয়সা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ২৯০ টাকা। এ খাতে উদ্বৃত্ত থাকবে ২ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ১০৮ টাকা ৬৫ পয়সা।
উন্নয়ন আয় ধরা হয়েছে ১৬ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ৭৬৬ টাকা ৭১ পয়সা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ২০ লাখ টাকা। এ খাতে উদ্বৃত্ত থাকবে ২ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭৬৬ টাকা ৭১ পয়সা।
বিজ্ঞাপন
পৌর কর্তৃপক্ষ জানায়, এ বাজেট জনকল্যাণমুখী। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যেই বাজেট প্রণয়ন করা হয়েছে।
নতুন কোনো কর আরোপ ছাড়াই বাজেট ঘোষণা করায় স্থানীয় নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
বিজ্ঞাপন
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মদ, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা।








