আসলামের প্রার্থিতা বাতিলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এ সময় সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাট এলাকায় বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন।
এর আগে সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে তা বাতিলের চূড়ান্ত রায় দেন। রায়ের খবর এলাকায় পৌঁছানোর পরপরই তার সমর্থকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
বিজ্ঞাপন
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসলাম চৌধুরী নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান। পোস্টে তিনি দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী ওই আসনে পুনর্নির্বাচন হলে তার প্রার্থী হতে কোনো আইনি বাধা থাকবে না।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতা বলেন, আসলাম চৌধুরী দলের দুঃসময়ের ত্যাগী নেতা এবং জনগণের ভোটে সীতাকুণ্ড থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারা এই রায় মেনে নিতে পারছেন না এবং তার সংসদ সদস্য পদ পুনর্বহালের দাবি জানান।
বিজ্ঞাপন
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।








