Logo

এইচএসসি পরীক্ষা শুরুর আগে ভবন থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২ জুলাই, ২০২৬, ১৩:১৮
এইচএসসি পরীক্ষা শুরুর আগে ভবন থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ময়মনসিংহ নগরীতে এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে তিশা সরকার (১৮) নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর প্রায় ৬টার দিকে নগরীর কাচিঝুলী এলাকার মসজিদ রোডে অবস্থিত নাসা টাওয়ার ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিশা সরকার মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্য বাজার এলাকায়। তিনি উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। পড়াশোনার সুবিধার্থে গত দুই বছর ধরে কাচিঝুলীর একটি ছাত্রী মেসে বসবাস করছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার কয়েক ঘণ্টা আগেই ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিশা। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই মেসে থাকা অন্যান্য শিক্ষার্থীরা জানান, ঘটনাটি ভোরে ঘটায় তারা তখন ঘুমিয়ে ছিলেন। ফলে কীভাবে তিশা ছাদ থেকে পড়লেন, সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়েই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে মানসিক চাপ কিংবা অন্য কোনো বিষয় এই ঘটনার সঙ্গে জড়িত ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD