ঈদগাঁওয়ে রান্নাঘর থেকে চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কুলছুমা আক্তার (২৭) নামে চার সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নাইক্ষ্যংদিয়া গ্রামের নিজ বসতঘরের রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কুলছুমা আক্তার ওই এলাকার মৃত শফি আলমের ছেলে হেলাল উদ্দীনের স্ত্রী। তার পৈতৃক বাড়ি পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় এলাকায়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহতের সন্তানরা পাশের ঘরে পড়তে গিয়েছিল। রাতে নিহতের এক দেবর কাজ থেকে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে রান্নাঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় কুলছুমার মরদেহ দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্য এবং থানা পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় নিহতের স্বামী কর্মস্থল খুরুশকুল এলাকায় ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু বা প্রয়োজনীয় আইনগত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।








