Logo

প্রতিবন্ধী আনোয়ার হত্যা: যশোর ও ফরিদপুরে অভিযানে দুই আসামি গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
৪ জুলাই, ২০২৬, ১৯:০৬
প্রতিবন্ধী আনোয়ার হত্যা: যশোর ও ফরিদপুরে অভিযানে দুই আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

নড়াইলের আলোচিত মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন (৩২) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। শুক্রবার (৩ জুলাই) যশোর ও ফরিদপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামি প্রসেনজিৎ (২৫) এবং ৩ নম্বর এজাহারভুক্ত আসামি অপূর্ব। তাদের বাড়ি নড়াইল জেলার উত্তর খলিশাখালী এলাকায়।

র‍্যাব-৬ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রী দেয়াড়া এলাকা থেকে অপূর্বকে এবং রাত ১০টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা এলাকা থেকে প্রধান আসামি প্রসেনজিৎকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আনোয়ার হোসেন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন রাত আনুমানিক ৩টার দিকে আনোয়ারকে চোর সন্দেহে আটক করে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকাল ৭টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের ভাই গোলাম নবী হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তের স্বার্থে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD