Logo

টঙ্গীতে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, ছুটি ঘোষণা

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর, গাজীপুর
৪ জুলাই, ২০২৬, ১৯:১৩
টঙ্গীতে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, ছুটি ঘোষণা
ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় অবস্থিত হপলুন অ্যাপারেলস লিমিটেডে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

কারখানা সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রায় পাঁচ হাজার শ্রমিক যথারীতি কাজে যোগ দেন। কাজ শুরুর কয়েক ঘণ্টা পর কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় কর্মরত কয়েকজন শ্রমিক হঠাৎ বমি, মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে পড়েন। পরে এ খবর দ্রুত কারখানাজুড়ে ছড়িয়ে পড়লে আরও অনেক শ্রমিক একই ধরনের উপসর্গের কথা জানান।

বিজ্ঞাপন

প্রথমে কারখানার ভেতরেই অসুস্থ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে গেলে অন্তত ৬০ জনকে গাজীপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

কারখানার কয়েকজন শ্রমিক জানান, সকাল ৯টার দিকে প্রথমে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়লে অনেকেই আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করতে থাকেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হলে কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।

বিজ্ঞাপন

তবে ঘটনার কারণ সম্পর্কে কারখানা কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী অঞ্চলের পরিদর্শক লিটন শরীফ জানান, অর্ধশতাধিক শ্রমিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অসুস্থ শ্রমিকরা কারখানার কোনো খাবার বা পানি গ্রহণ করেননি। কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD