Logo

লোহাগাড়ায় প্রবাসীকে প্রধান আসামি করার অভিযোগ, মামলা প্রত্যাহারের দাবি

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
৪ জুলাই, ২০২৬, ১৯:২৬
লোহাগাড়ায় প্রবাসীকে প্রধান আসামি করার অভিযোগ, মামলা প্রত্যাহারের দাবি
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, হামলা এবং সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তিকে প্রধান আসামি করে মামলা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সুষ্ঠু তদন্ত এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ১৯৮৮ সালে ক্রয় করা পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় শাহ নেওয়াজের নেতৃত্বাধীন একটি চক্র। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সালিশ ও সার্ভেয়ার কর্তৃক জমিটি আবুল মখচুছের অনুকূলে বলে প্রতিবেদন দেওয়া হলেও অভিযুক্তরা তা মানছেন না।

ভুক্তভোগী কলেজছাত্রী মাইশা হাবিবা অভিযোগ করেন, গত ২৬ জুন দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর, নারীদের শ্লীলতাহানির চেষ্টা এবং নির্মাণাধীন ঘরের টিনের বেড়া ভাঙচুর করা হয়। আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে উল্টো তাদের পরিবারের বিরুদ্ধে মামলা নেয় এবং তার অসুস্থ বাবাকে আটক করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার ১ নম্বর আসামি জিয়াউল হক গত ২২ অক্টোবর ২০২৩ সাল থেকে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি দেশে না থাকলেও কীভাবে তাকে প্রধান আসামি করা হয়েছে, তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তারা মামলাটি প্রত্যাহার, প্রকৃত ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তানজির মাহমুদ, মুহাম্মদ জুয়েল, সফিকুর রহমান, শাহানা আক্তার, আয়েশা বেগম, তামিমুন্নেছা, আমেনা বেগম, মুহাম্মদ ওয়ারেচ, নাজমুল হক, নুর আয়েশা, রেহেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উপস্থাপিত অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত পক্ষ ও সংশ্লিষ্ট থানার বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD