Logo

ভুয়া নার্স সেজে নবজাতক চুরির চেষ্টা, আনসারের হাতে আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই, ২০২৬, ২২:২১
ভুয়া নার্স সেজে নবজাতক চুরির চেষ্টা, আনসারের হাতে আটক
ছবি: সংগৃহীত

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির নবজাতককে চুরির চেষ্টার অভিযোগে ভুয়া নার্স সেজে আসা এক নারীকে আটক করা হয়েছে। পরিবারের সদস্যদের সতর্কতা এবং দায়িত্বরত আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য একটি বড় ধরনের অপরাধের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের পুরাতন ভবনের একটি কেবিনে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ২০২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন এক প্রসূতির কক্ষে সাদা অ্যাপ্রন পরিহিত শারমিন বেগম (২৬) নামে এক নারী প্রবেশ করেন। তিনি নিজেকে হাসপাতালের নার্স পরিচয় দিয়ে মা ও নবজাতক ছাড়া অন্য সবাইকে কক্ষের বাইরে চলে যেতে বলেন।

এতে সন্দেহ হলে প্রসূতির স্বামী মিন্টু চৌকিদার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, শারমিন নিজেকে নতুন যোগদান করা নার্স হিসেবে দাবি করে যা পরবর্তীতে বাকবিতণ্ডায় রূপ নেয়।

পরিস্থিতি আঁচ করতে পেরে ডিউটিরত আনসার সদস্য মো. কাওসার, মো. আজিজুল হক এবং পিসি মো. মুসলিম উদ্দিন তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে তারা ঐ ভুয়া নার্সকে আটক করেন। ইতোমধ্যে হাসপাতালের আসল নার্স এসে নিশ্চিত করেন যে শারমিন নামের ঐ নারী সেখানে কর্মরত নয়, সে ভুয়া নার্স।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মূলত নবজাতক শিশুটিকে চুরি করার উদ্দেশ্যেই ছদ্মবেশে ঘরে ঢুকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন শারমিন। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আনসার সদস্যরা আটক ঐ ভুয়া নার্সকে পালং থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা তৎপর রয়েছে। শরীয়তপুরের এই ঘটনায় আনসার সদস্যদের সার্বক্ষণিক সতর্কতা ও নিষ্ঠা একটি পরিবারকে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD